দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইসির প্রকাশিত এই ফল নিয়ে কারও সন্দেহ থাকলে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘রবিবার রাতের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল যেটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। কারও যদি এ বিষয়ে সন্দেহ বা দ্বিধা থাকে, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এবং এটি তিনি পরীক্ষা করেও দেখতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।’কাজী হাবিবুল আউয়াল জানান, গতকাল সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, সর্বোচ্চসংখ্যক ২২২টি আসন লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৫ লাখ ১ হাজার ৫৮৫ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৪৪৫ জন।
ভোটের দিন বেলা ৩টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন, ভোট পড়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে ভোটের হার ওই পরিমাণ বাড়ল কীভাবে- সাংবাদিকরা এমন প্রশ্ন করেন। উত্তরে সিইসি বলেন, ‘বিকেল ৩টা নয়, ২টা পর্যন্ত রেজাল্ট ছিল। ভোট গ্রহণ শুরুর পর সকাল ১০টায়, ১২টায়, ২টায় ভোট গ্রহণের হার গণমাধ্যমকে জানানো হয়েছে।’
কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। তারা ভোট বর্জন করে জনগণকে ভোট না দিতে উৎসাহ জুগিয়েছেন। আমরা খুশি হতাম যদি সব দল অংশগ্রহণ করত। তবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি।’
ভোটের দিন ইসিতে জমা পড়া বিভিন্ন অভিযোগের জবাবে সিইসি বলেন, ‘অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন, রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইসির নিয়ম হচ্ছে, গুরুতর অভিযোগ থাকলে কমিশন সেটা পুনর্বিবেচনা করে থাকে। এ ছাড়া অভিযোগকারীরা চাইলে সুপ্রিম কোর্টেরও সাহায্য নিতে পারেন।’
হাবিবুল আউয়াল আরও বলেন, ‘দেশে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন আমাদের দুজন পোলিং এজেন্ট মারা যান। অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোট গ্রহণ ১৩ জানুয়ারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, ইসি বেগম রাশেদা সুলতানা, ইসি মো. আলমগীর, ইসি আনিছুর রহমান এবং সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।